মহাভারতে ভীষ্মপর্বের ২৩ অধ্যায়ে সঞ্জয় রাজা ধৃতরাষ্ট্রকে বললেন, “হে রাজন, শ্রীবাসুদেব দুর্যোধনের সৈন্যদের যুদ্ধ উদ্যত দেখে অজুর্নের কল্যাণ কামনায় বললেন, ‘হে মহাবাহু অজুর্ন, শক্রদের পরাজয়ের নিমিত্ত পবিত্র ও সংগ্রাম অভিমুখ হয়ে দুর্গার স্তব কর।”
অজুর্ন তখন শ্রীবাসুদেবের বাক্য অনুসারে রথ থেকে নেমে কৃতাঞ্জলিপুটে দুর্গা স্তোত্র আরম্ভ করলেন — “হে কৃষ্ণপিঙ্গলে, কাত্যায়নী, শিখিপুচ্ছধ্বজ ধরে, হে গোপেন্দ্রানুজে, নন্দগোপকুলোদ্ভবে, হে পীতবাসীনি, হে কৃষ্ণে, হে কৈটভনাশিনি, আপনাকে প্রণাম। হে ভগবতি দুর্গে, আপনি স্বাহা, স্বধা, কলা, কাষ্ঠা, সরস্বতী, সাবিত্রী বেদমাতা ও বেদান্ত। আমি বিশুদ্ধ অন্তরে আপনাকে স্তব করছি। আপনার কৃপায় এই মহারণক্ষেত্রে যেন জয়লাভ করতে সমর্থ হই। আপনি ভক্তদের রক্ষার নিমিত্ত দুর্গম পথে, ভয়স্থানে, দুর্গম স্থানে, পাতালে নিত্য বাস করে থাকেন, আর যুদ্ধে দানবদের পরাজিত করে থাকেন। আপনি জৃম্ভনী, মোহিনী, মায়া, হ্রী, শ্রী, সন্ধ্যা প্রভাতী, সাবিত্রী, জননী, তুষ্টি, পুষ্টি, ধৃতি, চন্দ্রসূর্যবিবর্ধিনী, দীপ্তি ও সম্পন্নদের সম্পত্তি। সিদ্ধচারণগণ যুদ্ধক্ষেত্রে আপনাকে দর্শন করে থাকেন।”
হে রাজন, অজুর্নের ভক্তি দেখে ভগবতী দুর্গা অন্তরীক্ষে দর্শন দিয়ে বললেন —
স্বল্পনৈব তু কালেন শত্রুন্ জেষ্যসি পাণ্ডব।
নরস্তমসি দুর্দ্ধর্ষ! নারায়ণসহায়বান্।
অজেয়স্ত্বং রণেহরীণামপি বজ্রভূতঃ স্বয়ম্ ।।
(মহাভারত ভীষ্মপর্ব ২৩.১৮)
“হে বীর পাণ্ডব, তুমি অল্পকাল মধ্যেই শত্রুদের পরাজিত করবে। কারণ, স্বয়ং নারায়ণ শ্রীকৃষ্ণ তোমার সঙ্গেই রয়েছেন। অতএব, অন্য শক্রর কী কথা! স্বয়ং বজ্রধারী ইন্দ্রও তোমাকে পরাজিত করতে সমর্থ হবে না।”
একথা বলে দেবী দুর্গা অন্তর্হিত হলেন। পাণ্ডপুত্র অজুর্ন বর পেয়ে জয়লাভে কৃতনিশ্চয় হয়ে রথে আরোহণ করলেন। তারপর কৃষ্ণের শঙ্খধ্বনির সঙ্গে নিজের শঙ্খ ধ্বনিত করতে লাগলেন।
সঞ্জয় বললেন, “হে রাজন, আমি শ্রীব্যাসদেবের কৃপা প্রভাবে জেনেছি, এই অজুর্ন ও কৃষ্ণ পূর্বযুগে নর-নারায়ণরূপে ধরাতলে প্রকাশিত হয়েছিলেন। কিন্তু দুষ্টচিত্ত ক্রোধের বশবর্তী আপনার পুত্ররা মোহবশত তাঁদের জানে না। হে রাজন, ব্যাসদেব, নারদ মুনি, কু¦মুনি, শ্রীপরশুরাম আপনার পুত্র দুর্যোধনকে অর্জুন ও কৃষ্ণের বিরুদ্ধে অগ্রসর হতে নিষেধ করেছিলেন। কিন্তু আপনার কোপন-সভাব দুরাত্মা পুত্ররা কালপাশে বদ্ধ হয়ে মোহগ্রস্ত হয়েছে, তাই তাঁদের সময়োচিত নির্দেশ তারা গ্রহণ করেনি। আমি পরিষ্কার দর্শন করছি যে, যেখানে ন্যায়, তেজ, কোমলতা, লজ্জা, বুদ্ধি ও ধর্ম থাকে, সেখানেই কৃষ্ণ থাকেন; যে স্থানে কৃষ্ণ, সেই স্থানেই জয় — যতো ধর্মস্ততঃ কৃষ্ণ যতো কৃষ্ণস্ততো জয়।”
এখানে অজুর্নকে দুর্গা নিজেও বলছেন — যেহেতু, স্বয়ং নারায়ণ তথা শ্রীকৃষ্ণ বিদ্যমান (নারায়ণসহায়বান্), সুতরাং অজুর্নের জয় সুনিশ্চিত। কিন্তু শাক্তরা কৌশলে এ প্রসঙ্গটি এড়িয়ে যান। শ্রীমদ্ভগবদ্গীতাও সর্বশেষ শ্লোকে (১৮.৭৮) বলা হয়েছে —
যত্র যোগেশ্বরঃ কৃষ্ণো যত্র পার্থো ধনুর্ধরঃ।
তত্র শ্রীর্বিজয়ো ভূতিধ্রুর্বা নীতির্মতির্মম ।।
অর্থাৎ, “যেখানে যোগেশ্বর শ্রীকৃষ্ণ এবং যেখানে ধনুর্ধর পার্থ, সেখানেই নিশ্চিতভাবে শ্রী, বিজয়, অসাধারণ শক্তি ও নীতি বর্তমান থাকে। সেটিই আমার অভিমত।”
সুতরাং, বিজয়ের জন্য অজুর্ন কতৃর্ক দুর্গাস্তবের কোনো আবশ্যকতা বা বাধ্যবাধকতা ছিল না। তাছাড়া, শ্রীকৃষ্ণ অজুর্নকে জয়-পরাজয়ের তথা কর্মফলের আশা ত্যাগ করে কর্তব্যবোধে ও তাঁর (কৃষ্ণের) সন্তুষ্টিবিধানের জন্য যুদ্ধ করতে বলেছেন। তবুও শ্রীকৃষ্ণ তাঁকে তা করতে বলেছেন।
প্রশ্ন হলো, ভগবান তো স্বয়ং সেখানে উপস্থিত ছিলেন। তিনি বলতে পারতেন, আমার স্তুতি করো। তা না বলে ভগবান কেন অজুর্নকে দুর্গাস্তুতি করতে বললেন?
“আমার স্তুতি করো”, “আমার শরণাগত হও” — এ ধরনের কথা গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অজুর্নকে বহুবার বলেছেন। যেমন, মন্মনা ভব মদ্ভক্ত মদ্যাজী মাং নমস্কুরু। অর্থাৎ “তোমার মনকে আমার ভাবনায় নিযুক্ত করো, আমার ভক্ত হও, আমার পূজা করো এবং আমাকে নমস্কার করো।” তবুও ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছাধীন দুর্গাদেবী যেহেতু এ জড়জগৎরূপী দুর্গের অধিকর্ত্রী, পরম বৈষ্ণবী এবং সেই সাথে অসুরনাশিনী, তাই মহাভারতের যুদ্ধের মতো এমন মহৎ কর্মযজ্ঞে দুর্যোধনাদি কৌরবদের মতো অসুরদের বিনাশের পূর্বে, জড়জগৎরূপী দুর্গের)অধিকর্ত্রী হিসেবে দুর্গাদেবীকে মর্যাদা দান এবং পরম বৈষ্ণবী হিসেবে অজুর্ন যেন তাঁর আশীর্বাদ লাভ করতে পারে, সেজন্যই অজুর্নকে তিনি দুর্গাদেবীর স্তুতি করতে বলেছিলেন। এখানেও প্রণিধানযোগ্য বিষয় হচ্ছে, এখানে উল্লিখিত দেবী দুর্গা ভগবানের বহিরঙ্গা শক্তি মহামায়া নন, বরং যোগমায়ারূপে পরিচিত ভগবানের অন্তরঙ্গা শক্তি, যিনি নন্দপত্মী যশোদার কন্যা (গোপেন্দ্রানুজে, নন্দগোপকুলোদ্ভবে) তথা শ্রীকৃষ্ণের ভগিনীরূপে আবিভূর্ত হয়েছিলেন।
তাছাড়া, কারো স্তবস্তুতি করার অর্থ এই নয় যে, তিনিই তার আরাধ্য। ভগবানের ভক্তরাও দেবতাদের শ্রদ্ধা, পূজা নিবেদন বা স্তুতি করেন। তাতে তাদের ভগবানের প্রতি শ্রদ্ধা বা সমর্পণের কমতি হয় না। তাই অজুর্ন দুর্গাদেবীর স্তুতি করলেও তা দোষনীয় নয়।
দেবদেবীগণ যেহেতু ভগবানের প্রতিনিধি, তাই তাঁদের পূজা করা পরোক্ষভাবে ভগবানেরই পূজা করা হলেও তা যথার্থ বিধিসম্মত নয় — অবিধিপূর্বকম্। কারণ, সাধারণত অল্পবুদ্ধিসম্পন্ন সকামকর্মীরাই জড় বিষয় লাভের বাসনায় দেবদেবীদের পূজা করে থাকে। প্রকৃত বিধান হলো সরাসরি ভগবানের পূজা করা। দেবদেবীদের পূজা যদি কেউ করতেও চান, তবে তার উদ্দেশ্য কোনো জড়বিষয় লাভের পরিবর্তে কেবল ভগবানের প্রতি ভক্তিলাভ বা তাঁর সন্তুষ্টির জন্যই করা উচিত; ঠিক যেমন, ব্রজগোপিকারা কৃষ্ণকে পাওয়ার জন্য কাত্যায়নীর পূজা করেছিলেন। শুধু তাঁরাই নন, অজুর্নও শ্রীকৃষ্ণের সন্তুষ্টির জন্যই দুর্গাস্তব করেছিলেন। কৃষ্ণ সন্তুষ্টি এই অর্থে, যেহেতু কৃষ্ণ তা চেয়েছিলেন। আর উপরে উল্লেখিত কারণেই ভগবান শ্রীকৃষ্ণ তা চেয়েছিলেন। যদিও শ্রীকৃষ্ণ বলেছেন যে, শত্রুদের পরাজয়ের জন্য দুর্গাস্তব করো, কিন্তু এটা ছিল অজুর্নকে গীতাজ্ঞান দানের পূর্বে, যখন অজুর্ন জানতেন না যে, শ্রীকৃষ্ণই পরমব্রহ্ম, যিনি দুর্গাদেবীরও আরাধ্য। সাধারণত জড়বিষয় সুখ লাভের জন্য মানুষ দুর্গাপূজা করে। অজুর্নও সেখানে একজন সাধারণ মানুষের ভূমিকায় উপনীত ছিলেন, তখনও শ্রীকৃষ্ণের ভক্তরূপে তাঁর প্রতি পূর্ণ শরণাগত হননি। তাই গীতাজ্ঞান দানের পূর্বে দুর্গার শ্রীমুখ থেকেই শ্রীকৃষ্ণ অজুর্নের কাছে তাঁর প্রকৃত পরিচয় প্রকাশের সূচনা করলেন যে, পাণ্ডবদের যুদ্ধজয়ের তথা সমস্তকিছুর তিনিই মূল কারণস্বরূপ স্বয়ং নারায়ণ। তাই সর্বতোভাবে শ্রীকৃষ্ণেরই শরণাপন্ন হওয়া উচিত। শত্রু পরাজয়ের জন্য শ্রীকৃষ্ণের কৃপা — সান্নিধ্যই যে মূল প্রয়োজন, তা দেবী দুর্গাই বলেছেন। পরবর্তীকালে (ম.ভা. শান্তিপর্ব ৩২৮.৩২৩) কৃষ্ণ নিজেও অজুর্নকে বলেছেন — ময়া ত্বং রক্ষিতো যুদ্ধে মহান্তং প্রাপ্তবান্ জয়ম্ । (“কুন্তিনন্দন, আমি নানাবিধ মূর্তিতে পৃথিবী, ব্রহ্মলোক ও সনাতন গোলোকে বিচরণ করে থাকি এবং আমিই কুরুক্ষেত্রযুদ্ধে তোমাকে রক্ষা করেছি; তাতেই তুমি মহা বিজয় লাভ করতে পেরেছো।” তাই ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণের অন্তিম উপদেশ ছিল —
মন্মনা ভব মদ্ভক্ত মদ্যাজী মাং নমস্কুরু।
মামেবৈষ্যসি সত্যং তে প্রতিজানে প্রিয়োহসি মে ।।১৮.৬৫।।
“তোমার মনকে আমার ভাবনায় নিযুক্ত করো, আমার ভক্ত হও, আমার পূজা করো এবং আমাকে নমস্কার করো। তাহলে তুমি আমাকে অবশ্যই প্রাপ্ত হবে। এজন্য আমি তোমার কাছে সত্যই প্রতিজ্ঞা করছি, যেহেতু তুমি আমার অত্যন্ত প্রিয়।”
সর্বধর্মান্ পরিত্যজ্য মামেকং মামেকং শরণং ব্রজ।
অহং ত্বাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ ।।১৮.৬৬।।
“সর্ব প্রকার জড় ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব, তুমি শোক করো না।” — হরেকৃষ্ণ