আমাদের সম্পর্কে

আমাদের সম্পর্কে

অমৃতের সন্ধানে - আপনার আধ্যাত্মিক পথপ্রদর্শক

পরিচয়
অমৃতের সন্ধানে’ আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) বাংলাদেশ-এর একটি গুরুত্বপূর্ণ প্রকাশনা উদ্যোগ ও ত্রৈমাসিক মুখপত্র। জীবনের পরম লক্ষ্য— কৃষ্ণভক্তিরূপ অমৃতের প্রতি পাঠকদের অনুপ্রাণিত করা এবং বৈদিক তত্ত্বদর্শনকে আধুনিক পাঠকের উপযোগী করে উপস্থাপনই করাই এ প্রকাশনার অন্যতম উদ্দেশ্য।

ইতিহাস ও টাইমলাইন
১৯৪৪ – শ্রীল এ.সি. ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ ইংরেজি ভাষায় Back to Godhead পত্রিকা প্রকাশের মাধ্যমে আধুনিকভাবে বৈষ্ণব সাহিত্য প্রচারের এক নতুন দিক উন্মোচন করেন।
১৯৬৬ – নিউইয়র্কে ইসকন প্রতিষ্ঠা করে তিনি সংগঠনের সাতটি উদ্দেশ্য নির্ধারণ করেন, যার সপ্তম উদ্দেশ্য হলো—প্রথম ছয়টি উদ্দেশ্য সাধনের জন্য সাময়িকী, পত্রিকা, গ্রন্থ এবং অন্যান্য সাহিত্য প্রকাশ ও বিতরণ করা।
১৯৯৫ – শ্রীল প্রভুপাদের দৃষ্টিভঙ্গি অনুসরণ করে, ইসকন বাংলাদেশের জিবিসি মণ্ডলীর তত্ত্বাবধানে ঢাকায় ত্রৈমাসিক মুখপত্র ‘অমৃতের সন্ধানে’ এর সূচনা হয়।
২০১৪ – ম্যাগাজিনের পাশাপাশি গ্রন্থ প্রকাশ শুরু হয়।

এই টাইমলাইনটি দেখায় কীভাবে ‘অমৃতের সন্ধানে’ প্রতিষ্ঠালগ্ন থেকেই প্রভুপাদের নির্দেশনা অনুসরণ করে গৌড়ীয় বৈষ্ণব দর্শন ও ভক্তি-চর্চা আধুনিক পাঠকের জন্য সহজ, প্রাঞ্জল ও সুসংহতভাবে উপস্থাপন করছে এবং পাঠকদের আধ্যাত্মিক অনুশীলনে উৎসাহিত করছে।

আমাদের প্রকাশনা কার্যক্রম
‘অমৃতের সন্ধানে’ কেবল একটি ম্যাগাজিন নয়; এটি একটি বহুমাত্রিক বৈষ্ণব প্রকাশনা উদ্যোগ। কার্যক্রমের মধ্যে রয়েছে—
ত্রৈমাসিক মুখপত্র ‘অমৃতের সন্ধানে’ প্রকাশ: দর্শন, ইতিহাস, সমসাময়িক ধর্মীয় প্রশ্ন ও ভক্তিজীবনের বিভিন্ন দিক আলোচিত হয়।
ধর্মীয় গ্রন্থ প্রকাশ: গৌড়ীয় বৈষ্ণব দর্শনভিত্তিক, বেশ কিছু গ্রন্থ ইতোমধ্যেই প্রকাশিত হয়েছে।
বিগ্রহ-চিত্রপট প্রকাশনা: শ্রীশ্রী রাধাকৃষ্ণ, শ্রীচৈতন্য মহাপ্রভু ও অন্যান্য বিগ্রহের চিত্রপট মুদ্রণ, প্রচার ও বিতরণ।
এসকল প্রকাশনার মাধ্যমে শাস্ত্রীয় জ্ঞান, দর্শন ও ভক্তিরস সহজ ও প্রাঞ্জলভাবে পাঠকদের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।


লক্ষ্য, দৃষ্টিভঙ্গি ও উদ্দেশ্য
পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণচৈতন্য মহাপ্রভু প্রায় পাঁচশো বছর পূর্বে ঘোষণা করেছিলেন—
“পৃথিবী পর্যন্ত যত আছে দেশ-গ্রাম।
সর্বত্র সঞ্চার হইবেক মোর নাম।।”
মহাপ্রভুর এই ভবিষ্যদ্বাণী বাস্তবায়নের লক্ষ্যে, পূর্বতন গৌড়ীয় আচার্যবর্গের মনোভিলাষ অনুসরণ করে গৌড়ীয় বৈষ্ণব দর্শনের প্রচার এবং মানবসমাজের আধ্যাত্মিক বিকাশ সাধন করাই ‘অমৃতের সন্ধানে’-এর মূল লক্ষ্য। শ্রীল প্রভুপাদ স্পষ্টভাবে নির্দেশ করেছেন—
“গ্রন্থ ও ম্যাগাজিন বিতরণ করাই আমাদের সংস্থার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ কার্যক্রম। গ্রন্থ ছাড়া আমাদের প্রচারের কোনো ভিত্তি নেই।”
এই আদর্শ অনুসরণ করেই ‘অমৃতের সন্ধানে’ তার প্রকাশনা কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।
আমাদের প্রধান উদ্দেশ্য হলো পাঠকদের গৌড়ীয় বৈষ্ণব দর্শনের মৌলিক তত্ত্ব, শাস্ত্রসম্মত ব্যাখ্যা এবং সচেতন আধ্যাত্মিক অনুশীলনের প্রতি অনুপ্রাণিত করা। আমরা বিশ্বাস করি—আধ্যাত্মিক জ্ঞান যখন যুক্তি, শাস্ত্র ও অভিজ্ঞতার সমন্বয়ে উপস্থাপিত হয়, তখন তা কেবল বিশ্বাসে সীমাবদ্ধ না থেকে জীবনের বাস্তব দিকনির্দেশনায় পরিণত হয়।
এই দৃষ্টিভঙ্গি থেকে ‘অমৃতের সন্ধানে’ চেষ্টা করে—
বিভ্রান্তিকর ব্যাখ্যার পরিবর্তে শাস্ত্রসম্মত ও প্রামাণিক বিশ্লেষণ
আবেগনির্ভর ধর্মচর্চার পরিবর্তে সচেতন ও চিন্তনশীল ভক্তিচর্চা এবং
অন্ধ অনুসরণের পরিবর্তে বোধসম্পন্ন আধ্যাত্মিক অন্বেষণ
আমরা মনে করি, বাংলা ভাষায় গম্ভীর ও শাস্ত্রনির্ভর ধর্মীয় প্রকাশনার অভাব দীর্ঘদিন ধরেই অনুভূত হচ্ছিল। ‘অমৃতের সন্ধানে’ সেই শূন্যতা পূরণের একটি প্রয়াস—যেখানে পাঠক পাবেন
 • গভীরতা, কিন্তু দুর্বোধ্যতা নয়
 • যুক্তি, কিন্তু শুষ্কতা নয় 
• ভক্তি, কিন্তু অন্ধত্ব নয়

উপসংহার
‘অমৃতের সন্ধানে’ কোনো নির্দিষ্ট গোষ্ঠীর প্রচারমাধ্যম নয়; এটি সত্যের অনুসন্ধানে আগ্রহী সকল পাঠকের জন্য উন্মুক্ত। যারা শাস্ত্রের আলোয় জীবন বুঝতে চান, ভক্তিকে দর্শনের সঙ্গে যুক্ত করতে চান এবং ধর্মকে দায়িত্বশীলভাবে অনুধাবন করতে চান— এই প্রকাশনা তাদের জন্য।
About Us Image