রথযাত্রা  সূচনা, বিস্তৃুতি ও মাহাত্ম্য
রথযাত্রা সূচনা, বিস্তৃুতি ও মাহাত্ম্য
✍ সুদর্শন নিমাই দাস
৩ আগস্ট ২০২৬
বর্ষ: 2025  |  ইস্যু: ৩য় সংখ্যা

রথযাত্রা — এই একটি শব্দেই যেন নিহিত আছে ভক্তির আবেগ, ঐতিহ্যের গৌরব এবং আত্মশুদ্ধির ডাক। এই শব্দটি উচ্চারণ করলেই ভেসে ওঠে একটি জীবন্ত ছবি: বিশাল কাঠের রথ, হাজারো মানুষের সঙ্গীতময় কীর্তন, ধূপ-গন্ধ, মালার সৌরভ, আনন্দাশ্রম্ন আর এক নিবিড় আধ্যাত্মিক আবেশ। প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে জগন্নাথদেব, বলরাম ও সুভদ্রার বিগ্রহ বিশাল রথে চড়ে নীলাচল থেকে গুণ্ডিচা মন্দিরে যাত্রা করেন। বাহ্যত এটি এক বর্ণময় উৎসব, কিন্তু অন্তরে এর তাৎপর্য অনন্ত গভীর — এটি আত্মশুদ্ধির এক মহামার্গ, যা জাগায় ঈশ্বরের প্রতি আকর্ষণ, ভক্তি এবং চিরস্থায়ী আনন্দের আকাঙ্ক্ষা। এই উৎসব কেবল ধর্মীয় আচার নয়, এটি এক ঈশ্বরপ্রেমময় যাত্রা — হৃদয়ের গভীর থেকে ভগবানের দিকে ফিরে যাওয়ার এক ঐশ্বরিক সুযোগ।

চিরন্তন উৎসবের প্রাচীন ইতিহাস

রথযাত্রা পৃথিবীর অন্যতম প্রাচীন ধর্মীয় উৎসব। এর সূচনা ভারতের ওড়িশা রাজ্যের পুরীতে, যেখানে ভগবান জগন্নাথ, বলরাম ও সুভদ্রা রথে চড়ে নগর পরিক্রমা করেন, শ্রীমন্দির থেকে গুণ্ডিচামন্দিরে যাত্রা করেন। এই রীতি হাজার বছরেরও বেশি সময় ধরে চলে আসছে। পুরাণ অনুসারে, রথযাত্রায় অংশ নেওয়া, ভগবানকে দর্শন করা বা রথ টানা — এই সবই পাপক্ষয়ে সহায়ক এবং মুক্তির পথ প্রশস্ত করে।

ব্রহ্মাণ্ড পুরাণে বলা হয়েছে — “যে ব্যক্তি রথযাত্রায় ভগবানকে দর্শন করেন এবং শ্রদ্ধাভরে তাঁকে স্বাগত জানান বা প্রণাম করেন, তিনি তার সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করেন।” ভাবিষ্য পুরাণে বলা হয়েছে — “যদি কেউ নিচু পরিবারে জন্ম নিয়েও রথের সম্মুখ বা পশ্চাতে ভগবানের সঙ্গে চলে, তবে তিনি বিষ্ণুর মতো ঐশ্বর্য অর্জন করতে পারেন।”

জগন্নাথ-জগতের নাথ

জগন্নাথ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, বলদেব তাঁর ভ্রাতা বলরাম, যিনি শ্রীকৃষ্ণের প্রথম প্রকাশ এবং কৃষ্ণশক্তি যোগমায়াই তাঁর ভগিনিরূপা সুভদ্রা। জগন্নাথ — ‘জগতের অধীশ্বর’। এই জগৎ পরিবর্তনশীল-গ্রহ-নক্ষত্র, প্রাণী, উদ্ভিদ সবই চলছে জন্ম-মৃত্যুর চক্রে। এই পরিবর্তনের মাঝে ভগবান জগন্নাথই একমাত্র চিরন্তন ও অপরিবর্তনীয় সত্য।

বলরাম — ‘বল’ মানে শক্তি, ‘রাম’ মানে আনন্দ। বলরাম ভগবানের আদি বিস্তার, যিনি ভক্তদের চিরস্থায়ী আনন্দ লাভের জন্য আধ্যাত্মিক শক্তি প্রদান করেন।

সুভদ্রা — ‘সু’ মানে শুভ, ‘ভদ্রা’ মানে কল্যাণ। যোগমায়ার প্রকাশ সুভদ্রা। তিনি কল্যাণ ও শুভতার প্রতীক, যিনি জীবনে শুভ শক্তির আগমন ঘটান।

এই তিন বিগ্রহ একত্রে আবিভূর্ত হন জীবের চেতনাকে জাগ্রত করতে এবং তাঁকে শাশ্বত প্রেমের পথে আহ্বান জানাতে।

রথযাত্রার উৎপত্তিকাহিনি ও ব্যতিক্রমী রীতি

রথযাত্রার ইতিহাসে আছে এক চিত্তাকর্ষক কাহিনি। রাজা ইন্দ্রদ্যুম্ন ভগবানের জন্য মন্দির নির্মাণ করেন এবং বিশ্বকর্মাকে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তি নির্মাণের দায়িত্ব দেন। শর্ত ছিল — নির্মাণ শেষ না হওয়া পর্যন্ত নির্মাণকক্ষের দরজা খোলা যাবে না। কিন্তু রাজা অধৈর্য হয়ে রানীর প্ররোচনায় সময়ের পূর্বের দরজা খুলে ফেলেন এবং তিনটি অর্ধসমাপ্ত মূর্তি দেখে বিস্মিত ও দুঃখিত হন। ভগবানের ইচ্ছায় সেই থেকে আজও পুরীতে এই রূপেই ভগবানের পূজা হয়ে আসছে, যা ভক্তদের শিক্ষা দেয়, ঈশ্বরের রূপ হৃদয় দিয়ে উপলব্ধি করতে হয়, নয়নে নয়।

রথযাত্রা: কুরুক্ষেত্রের বিরহ ও বৃন্দাবনের প্রেম

রথযাত্রা বহন করে এক গভীর হৃদয়স্পর্শী ইতিহাস। সূর্যগ্রহণ উপলক্ষে একবার কৃষ্ণ, বলরাম ও সুভদ্রা কুরুক্ষেত্রে গিয়েছিলেন। এই সংবাদ পেয়ে বৃন্দাবনের গোপীগণ, বিশেষ করে শ্রীমতী রাধারাণী, কৃষ্ণের বিরহে ছুটে যান কুরুক্ষেত্রে। সেখানে রাধারাণী কৃষ্ণকে বৃন্দাবনে ফেরানোর আকুতি প্রকাশ করেন এবং কৃষ্ণের রথ টেনে নিয়ে যেতে চান। এই বিরহের আবেগই রথযাত্রার অন্তর্নিহিত মর্ম। শ্রীচৈতন্য মহাপ্রভু, যিনি ছিলেন রাধা ও কৃষ্ণের মিলিত রূপ, তিনি এই রথযাত্রায় অংশ নিয়ে সেই বিরহ-প্রেমের আবেগে অভিভূত হতেন। তিনি বলতেন — “রথযাত্রা হচ্ছে ভক্তির আবেগের উৎসব” —  এখানে ভগবানের সঙ্গে ভক্তের অন্তরের মিলন ঘটে।

শ্রীল পভুপাদ ও রথযাত্রার বিশ্বায়ন

একসময় এই উৎসব শুধু ভারতে সীমাবদ্ধ ছিল, সেখান থেকে শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের অক্লান্ত প্রচেষ্টা ও অনুপ্রেরণায় বাকি এটি বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। ১৯৬৫ সালে প্রায় সত্তর বছর বয়সে তিনি ‘জলদূত’ নামক একটি পণ্যবাহী জাহাজে চড়ে আমেরিকায় পদার্পণ করেন, উদ্দেশ্য একটাই—সারা বিশ্বে কৃষ্ণভাবনামৃত ছড়িয়ে দেওয়া। ১৯৬৭ সালে সান ফ্রান্সিসকোতে প্রথম রথযাত্রার আয়োজন করেন তিনি। জয়ানন্দ দাস নামে তাঁর এক নিষ্ঠাবান শিষ্য নিজ হাতে প্রথম চারটি রথ নির্মাণ করেন। এরপর লন্ডন, নিউইয়র্ক, টোকিও, মেলবোর্ন, বম্বে, কলকাতা সহ শত শত শহরে রথযাত্রা অনুষ্ঠিত হতে থাকে।

শ্রীল প্রভুপাদ বলেছিলেন — “এই উৎসবে অংশগ্রহণ মানেই আত্ম—উন্নতির পথে এক ধাপ অগ্রসর হওয়া।” রথে চ বামনং দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে —  কেবল রথে ভগবানকে দর্শন করার মাধ্যমেই কেউ জন্ম-মৃত্যুর বন্ধন থেকে মুক্তি পেতে পারেন।

আত্মশুদ্ধির রথ—ভগবানের দিকে হৃদয়ের অগ্রসরতা

রথযাত্রা আমাদের শেখায় বিনয়, সেবা, সহানুভূতি এবং ঈশ্বর-নিবেদিত জীবনযাপন। রথ টানা মানে কেবল কাঠের রথ নয়, নিজ অহংকার, কামনা ও ভোগস্পৃহাকে টেনে সরিয়ে হৃদয়কে শুদ্ধ করা এবং ভগবানের দিকে অগ্রসর হওয়া।

এই উৎসবের মাধ্যমে আমরা উপলব্ধি করি — ভগবান কেবল মন্দিরেই নন, তিনি ভক্তের হৃদয়েই বিরাজমান। রথযাত্রা সেই হৃদয়ের মন্দিরকে প্রস্তুত করার পবিত্র উপলক্ষ।

পাঠকের প্রতি আহ্বান

এই রথযাত্রা উপলক্ষে আমাদের বিনীত প্রার্থনা — এই উৎসবের বাহ্যিক রূপ উপভোগের পাশাপাশি তার অন্তর্নিহিত তাত্ত্বিক ও আধ্যাত্মিক তাৎপর্য হৃদয় দিয়ে অনুধাবন করুন। এই রথের মতো নিজ হৃদয়কেও ভগবানের চরণে টেনে নিয়ে যান। আর যদি আপনি শ্রীকৃষ্ণভাবনামৃত ও ভক্তিসাধনার আরও গভীর আলোচনায় মন দিতে চান, তাহলে ‘অমৃতের সন্ধানে’ পত্রিকার প্রতিটি সংখ্যায় নিবিষ্ট মনোযোগ দিন—এটাই আমাদের আন্তরিক আহ্বান।

যেখানে ভগবান, সেখানেই আনন্দ। রথযাত্রা সেই চিরন্তন আনন্দেরই আহ্বান। আসুন, এই রথযাত্রায় আমরা কেবল রথই নয়, নিজ হৃদয়কেও ঈশ্বরপ্রেমে সমর্পণ করি।  — হরেকৃষ্ণ

কেন দুর্গাস্তব করলেন?  কৃষ্ণভক্ত অজুর্ন
কেন দুর্গাস্তব করলেন? কৃষ্ণভক্ত অজুর্ন
রথযাত্রা  সূচনা, বিস্তৃুতি ও মাহাত্ম্য
রথযাত্রা সূচনা, বিস্তৃুতি ও মাহাত্ম্য
ভগবান কেন অবতরণ করেন?
ভগবান কেন অবতরণ করেন?
যোগ ও আসন কি একই?
যোগ ও আসন কি একই?
সংকটে ভগবানের নাম জপ  কেন করবেন?
সংকটে ভগবানের নাম জপ কেন করবেন?
শ্রীনৃসিংহ চতুর্দশী
শ্রীনৃসিংহ চতুর্দশী
শ্রীরামচন্দ্রের  আবির্ভাব
শ্রীরামচন্দ্রের আবির্ভাব
শুদ্ধভাবে হরিনাম জপের  আটটি ব্যবহারিক কৌশল
শুদ্ধভাবে হরিনাম জপের আটটি ব্যবহারিক কৌশল
সুখের মাপকাঠি
সুখের মাপকাঠি
ধার্মিকের গুণাবলি কেমন  হওয়া উচিত?
ধার্মিকের গুণাবলি কেমন হওয়া উচিত?