অহিংসা, প্রেম ও মানবতাই শ্রীচৈতন্যদেবের আদর্শ
অহিংসা, প্রেম ও মানবতাই শ্রীচৈতন্যদেবের আদর্শ
✍ সুদর্শন নিমাই দাস
১১ জুলাই ২০২৬
বর্ষ: 2025  |  ইস্যু: ১ম সংখ্যা

অহিংসা, প্রেম ও মানবতাই

শ্রীচৈতন্যদেবের আদর্শ

বৈদিক শাস্ত্র অনুসারে, প্রতিটি জীব পরমেশ্বর ভগবানের ক্ষুদ্রাতিক্ষুদ্র অংশ —  মমৈবাংশো জীবলোকে জীবভূত সনাতনঃ (শ্রীমদ্ভগবদ্গীতা ১৫.৭)। আবার, পরমেশ্বর ভগবান পরমাত্মারূপে প্রতিটি জীবের হৃদয়ে বিরাজ করেন — সর্বভূতান্তরাত্মা (কঠোপনিষদ-২.৯-১২)। তাই শ্রীচৈতন্য মহাপ্রভু প্রতিটি জীবকেই সম্মান প্রদর্শনের আদর্শ শিখিয়েছেন — জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। মহাপ্রভুর এই আদর্শ অনুসরণে গৌড়ীয় বৈষ্ণবগণ মানুষ তো দূরে থাক, কখনো কোনো প্রাণীকে কষ্ট দিতে চান না। অমানিনা মানদেন —  নিজে মানশূন্য হয়ে অপরকে সম্মান দান করা — এটাই শ্রীচৈতন্যদেবের আদর্শ।

   হিংসা সর্বদাই প্রেমের পরিপন্থী। চৈতন্যদেবের প্রেমধর্মে তাই হিংসার স্থান নেই। ভালোবেসে কাউকে যতটা আপন করে কাছে টেনে নেওয়া যায়, হিংসার মাধ্যমে তা কখনোই সম্ভব নয়। আর এ কারণেই চৈতন্যদেবের প্রেমধর্ম প্রচারকারী অন্যতম সংস্থা ইস্কনের জয়জয়কার আজ বঙ্গদেশের সীমা পেরিয়ে পৃথিবীজুড়ে পরিব্যাপ্ত।  চৈতন্যদেব তাঁর নামপ্রেমের দ্বারা তৎকালীন সবচেয়ে পাপীষ্ঠ, পাষণ্ডী জগাই-মাধাইকেও বুকে টেনে নিয়েছিলেন। মহাপ্রভুর পরম ভক্ত শ্রীনিত্যানন্দ প্রভুকে মাধাই কলসির কানার আঘাতে রক্তাক্ত করেছিলেন। তথাপি মহাপ্রভুর শিক্ষায় অনুপ্রাণিত নিত্যানন্দ তাকে প্রেমপূর্ণ আলিঙ্গন দান করেছিলেন। এভাবে চৈতন্যদেব নামপ্রেমের দ্বারা তাদের মুক্ত করেছিলেন পাপময় ঘৃণিত জীবনের বন্ধন থেকে, দেখিয়েছিলেন উত্তরণের পথ — প্রেমধর্ম।

“প্রভু কহে আমি বিশ্বম্ভর নাম ধরি।

নাম সার্থক হয় যদি প্রেমে বিশ্ব ভরি।।” (চৈ.চ. আদি ৯.৭)।।

মহাপ্রভু সম্পর্কে শ্রীমৎ গৌররায় গোস্বামী লিখেছেন —  “জীবেশ্বরের ও জীবের মধ্যে এই মধুরভাবের সাধনার পরিসীমাই শ্রীচৈতন্যের প্রেমধর্মে পর্যবসিত। এই ভালোবাসাই নিখিল বিশ্বের সঙ্গে বিশ্বমানবের মধ্যে প্রেম ও মৈত্রীর সেতুবন্ধন করে। তাই শ্রীদীনেশচন্দ্র সেন লিখেছিলেন, ‘প্রেম একবারই মূর্তি পরিগ্রহ করেছিল, তা এই বাংলার নদীয়ায়।’ যুগমানব হিসেবে শ্রীচৈতন্যের এখানেই সার্থকতা। আর সেই অবিস্মরণীয় প্রভাব যা দীন — দরিদ্র, দলিত, অবহেলিত মানুষ থেকে সমাজের উচ্চস্তরের সমৃদ্ধ জনগণকেও ত্যাগ ও ভালোবাসার আদর্শে অনুপ্রাণিত করেছিল।”

   তৎকালীন বাংলার শাসন ব্যবস্থার উচ্চপদস্থ কর্মকর্তা চাঁদকাজী মহাপ্রভুর সংকীর্তনে বিঘ্ন সৃষ্টি করতে ভক্তদের মৃদঙ্গ ভেঙ্গে দিয়েছিলেন। পরম ¯্রষ্টার পরম মঙ্গলময় নামোচ্চারণে বাধা দান এবং তাঁর ভক্তদের প্রতি লাঞ্ছনার মতো এমন ঘৃণিত কার্যের কথা শ্রবণ করে মহাপ্রভুর তাৎক্ষণিক ক্রোধ প্রকাশ ছিল খুবই স্বাভাবিক ব্যাপার। কিন্তু যেহেতু চৈতন্যদেব আবিভূর্ত হয়েছিলেন নামপ্রেমের দ্বারা বিশ্ববাসীকে জয় করতে, তাই তিনি লক্ষ লক্ষ ভক্ত পরিবৃত হয়ে কৃষ্ণনাম — সংকীর্তন সহযোগে কাজীর বাড়িতে উপস্থিত হয়েছিলেন। সংকীর্তনে বাধা দানের ফলে স্বাভাবিক ক্রোধবশত তাঁর কিছু অনুসারী কাজীর প্রতি ক্ষুব্ধ হলেও চৈতনদেব তাদের শান্ত হবার নির্দেশ দেন। তারপর তিনি কাজীর ঘরে গিয়ে অত্যন্ত শান্তভাবে তার সঙ্গে মধুর ব্যবহার করেছিলেন, শাস্ত্রযুক্তির মাধ্যমে কাজীর সঙ্গে সমঝোতা করেছিলেন। এভাবে জাতি — ধর্ম — বর্ণ নির্বিশেষে সকলকেই চৈতন্যদেব আপন করে নিয়েছিলেন।

   ধর্মের গ্লানি আর অধর্মের অভ্যুত্থানে, সাধুদিগের পরিত্রাণ আর অসাধুদের সংহরণে, পরমেশ্বর ভগবান যুগে যুগে অবতীর্ণ হন ধরাধামে। কিন্তু শ্রীচৈতন্যরূপে তিনি কোনো অসুর সংহার করেন না, জীব-হৃদয়ের আসুরিক প্রবৃত্তিকে সংহার করেন। শ্রীচৈতন্যদেবের জীবনচরিতে আমরা তার সুস্পষ্ট প্রমাণ পাই। তিনি তাঁর মধুর ব্যবহার ও নামপ্রেমের দ্বারা সকলের আসুরিক গুণাবলি নাশ করে স্বয়ং তাদের হৃদয়ে জায়গা করে নিতেন এবং সঞ্চার করতেন দিব্য প্রেমের আনন্দ। তাই তিনি অমিয় নিমাই। চৈতন্যদেব সম্পর্কে বৈষ্ণব কবি দেবকীনন্দন দাস বলেন —

‘‘রাম -আদি -অবতারে, ক্রোধে নানা -অস্ত্র ধরে,

অসুরেরে করিল সংহার ।

এবে অস্ত্র না ধরিল, প্রাণে কারে না মারিল,

চিত্ত -শুদ্ধি করিল সবার ।’’

ভগবান শ্রীকৃষ্ণের দিব্য নাম সমন্বিত হরেকৃষ্ণ মহামন্ত্র কীর্তনের দ্বারা জীবের হৃদয়ে প্রেমসঞ্চার করাই শ্রীচৈতন্য মহাপ্রভুর মূল আদর্শ। এই নাম উচ্চারণে ভগবানের প্রতি, এমনকি সমস্ত জীবের প্রতি প্রেম বর্ধিত করে; মানুষে মানুষে হানাহানি, হিংসা-বিদ্বেষ ভুলিয়ে সহিষ্ণু হতে শিক্ষা দেয়, গড়ে তোলে বিশ্বভ্রাতৃত্ব, বয়ে আনে বিশ্বশান্তি।

কৃষ্ণভাবনামৃতের উদ্দেশ্য
কৃষ্ণভাবনামৃতের উদ্দেশ্য
অহিংসা, প্রেম ও মানবতাই শ্রীচৈতন্যদেবের আদর্শ
অহিংসা, প্রেম ও মানবতাই শ্রীচৈতন্যদেবের আদর্শ
কলিযুগে মুক্তির পথ — সংকীর্তন
কলিযুগে মুক্তির পথ — সংকীর্তন
একাদশী ব্রতের আধ্যাত্মিক তাৎপর্য
একাদশী ব্রতের আধ্যাত্মিক তাৎপর্য
গুরু-শিষ্য পরম্পরার গুরুত্ব
গুরু-শিষ্য পরম্পরার গুরুত্ব
হরে কৃষ্ণ মহামন্ত্রের অলৌকিক শক্তি
হরে কৃষ্ণ মহামন্ত্রের অলৌকিক শক্তি
ভক্তিযোগ — জীবনের পরম পথ
ভক্তিযোগ — জীবনের পরম পথ
তার্কিকের ঈশ্বর দর্শন
তার্কিকের ঈশ্বর দর্শন
বৈদিক শাস্ত্র
বৈদিক শাস্ত্র
নাতিদীর্ঘ, সুবিন্যস্ত গদ্য রচনাকে প্রবন্ধ বলে ।
নাতিদীর্ঘ, সুবিন্যস্ত গদ্য রচনাকে প্রবন্ধ বলে ।